ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ads

চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে বাজারের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে।


নিহত মুহাম্মদ আবদুল মজিদ (৫০) উপজেলার অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে মজিদের সঙ্গে দুই ব্যক্তির তর্ক হয়। এর প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই মো. আনোয়ার বলেন, আমার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি যুবদল করতেন এবং গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মজিদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মজিদের সঙ্গে দুজনের কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল। পরে তারা ফিরে এসে গুলি করে পালিয়ে যায়। তাদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ads
ads
ads

Our Facebook Page